তিন মাস ধরে নিখোঁজ দৌলতপুরের দিনমজুর হাসান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তিন মাস ধরে নিখোঁজ দৌলতপুরের দিনমজুর হাসান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর মধ্যে পাড়া গ্রামের বাসিন্দা শাহানূরের ছেলে দিনমজুর হাসান আলী (৩১) গত তিন মাস ধরে নিখোঁজ! জানাগেছে তিন মাস আগে ফরিদপুরে কৃষি কাজের উদ্দেশ্যে নিজ গ্রাম ত্যাগ করে দিনমজুর হাসান। এর পরে ফরিদপুরে থাকা অবস্থায় হাসান এক সপ্তাহ পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পর হটাৎ করে নিজ জেলার দৌলতপুর উপজেলায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।

কিন্তু তিন মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি হাসান। এমন অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন হাসানের পরিবার। হাসানের পরিবারে দুই সন্তান, স্ত্রী ও মা রয়েছেন। স্ত্রী শাবনূরের ভাষ্যমতে, ফরিদপুর জেলায় কৃষি কাজের উদ্দেশ্যে এলাকার আরো কয়েকজন দিনমজুরের সাথে বাড়ি থেকে বের হয় হাসান। পরে ফরিদপুরে যেয়ে সাত দিন মত দিনমজুরের কাজ করে বিকাশ নাম্বারে ২ হাজার টাকাও পাঠায় সে।

হাসান যেদিন বিকাশ নাম্বারে টাকা পাঠায় তার ঠিক এক দিন পরে অন্যান্য দিনমজুর সঙ্গীদের জানায় সে আর সেখানে কাজ করবে না, বাড়িতে চলে যাবে। একথা বলে হাসান বাড়ির উদ্দেশ্যে ফরিদপুর থেকে বাসে ওঠে। এর পরে হাসান আর কারো সাথে কোন যোগাযোগ করেনি এবং আজ অব্দি বাড়িতে ফিরে আসেনি। হাসানের স্ত্রী শাবনূর জানান, আমাদের পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি আমার স্বামী, যতক্ষণ সে কাজ করে ততক্ষণ আমার পরিবার চলে।

আজ তিন মাস হতে চলল আমার স্বামী বাড়িতে ফিরে না আসাই আমাদের প্রায় দিনই কষ্টে কাটাতে হয়। এদিকে তিন মাস ধরে হাসানের নিকটাত্মীয় সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি তাই অবশেষে বাধ্য হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

হাসানের স্ত্রী শাবনূর আরো জানান যদি কোন সহৃদয়বান ব্যক্তি হাসানের খোঁজ পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে সবিনয় অনুরোধ দৌলতপুর থানা অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের মোবাইল নং- (০১৩৩৭-০৩২৫২৩)।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি হারানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।