কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে সরকারি কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ। মূখ্য আলোচক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নাজমুল হোসাইন প্রমূখ। এতে সভাপতিত্ব করেন জুলাই শহিদ দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহা: রোকনুজ্জামান। এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁদের আত্মত্যাগ আগামী দিনের প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে। এসময় অনুষ্ঠানের মূখ্য আলোচক প্রকৌশলী জাকির সরকার বলেন, আজকের এই দিনে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সততা, দেশপ্রেম এবং পারস্পরিক সম্প্রীতির চেতনায় সকলকে কাজ করতে হবে।

সে লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে, তথা কুষ্টিয়াকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর