কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: সাত ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণে বিএনপির রুদ্ধদ্বার আলোচনা

মিরপুর প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া,ধুবইল, বহলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া ও পোড়াদহ, ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে একক ও জনপ্রিয় প্রার্থী নির্ধারণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে রুদ্ধদ্বার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে কিভাবে প্রতিটি ইউনিয়ন থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একক প্রার্থী নির্ধারণ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আজ থেকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করবেন।

ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত যাচাই করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে দলীয় সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে মাঠপর্যায়ে জনপ্রিয় প্রার্থী যাচাই-বাছাই করে চূড়ান্ত মনোনয়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সকল বিভেদ ভুলে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের পারস্পরিক আলোচনার মাধ্যমেই প্রতিটি ইউনিয়নের জন্য যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি বলেন, “ওয়ার্ড পর্যায় থেকে তৃণমূল ও সাধারণ মানুষের মতামত যাচাই করে এমন প্রার্থী বাছাই করা হবে, যাকে মনোনয়ন দিলে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে বিজয়ী করতে পারবে।” তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারিত প্রার্থীদের বিষয়টি দলীয় সিনিয়র নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করা হবে। এরপর সার্বিক যাচাই-বাছাই শেষে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছয় ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের এ মতামত ও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর