বিশেষ প্রতিনিধি ॥ জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির এক শীর্ষ নেতা। কুষ্টিয়া জেলায় নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণের দাবিতে, গতকাল সোমবার (৮ জুন) দুপুরের দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সাক্ষাৎকালে জেলার বিভিন্ন গ্রামীণ ও শহরতলী এলাকায় বিশুদ্ধ পানির সংকট, আর্সেনিক, আয়রনমুক্ত পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের বিষয় তুলে ধরা হয়।
এ সময় কুষ্টিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এক বার্তায় জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন মানুষের মৌলিক অধিকার। কুষ্টিয়ার অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী জনস্বাস্থ্য উন্নয়নে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। কুষ্টিয়ার প্রয়োজনীয়তা পর্যালোচনা করে সম্ভাব্য প্রকল্প গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
