খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা নারী ও তার মেয়েকে স্যান্ডেল ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছোট দেবরসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী খোকসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা মোছাঃ রশিনা খাতুন (৫২) তার বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে জড়িয়ে রয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে রশিনা খাতুন দাবি করেন, অভিযুক্তরা তাকে মারধরের পাশাপাশি তার মেয়ে জুলিয়া খাতুনকেও আঘাত করেন। এ সময় তাদের স্যান্ডেল ও লাঠিসহ বিভিন্নভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন।
তবে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে তারা অভিযোগের সব বিষয় অস্বীকার করেন। তাদের দাবি, পরিবারের নাতি-বউকে কেন্দ্র করে প্রতিনিয়ত পারিবারিক হট্টগোল ও ঝামেলা চলছিল। ঘটনার দিন বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেবর আকবর আলী তাদের আঘাত করেন বলে অভিযুক্ত পরিবারের সদস্যরা জানান। তবে অভিযোগে উল্লিখিত অন্যান্য অভিযোগ তাদের ভাষ্য অনুযায়ী সঠিক নয়। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
অন্যদিকে অভিযুক্ত পরিবারও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এ বিষয়ে খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।









