খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুন ২০২৩, ১০:৫৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রীষ্মকালীন হলুদ জাতের তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২০২২ – ২০২৩ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুল এপিএ এর সদস্য কৃষিবিদ ড. হামিদুর রহমান।
তিনি বলেন, কৃষিকাজকে বাণিজ্যিক খাতে রূপান্তর করতে হবে। বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে হবে। কৃষিকাজ করে আমরা স্বাস্থ্যবান ও লাভবান হবো। হলুদ তরমুজের বিষয়ে তিনি বলেন, তিনমাস চাষাবাদ করে ২০ থেকে ২২ হাজার টাকা খরচে আমরা প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত লাভবান হতে পারি। সেজন্য আমরা বেশি বেশি জমিতে গ্রীষ্মকালীন হলুদ জাতের তরমুজ চাষাবাদ করব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওই অঞ্চলের কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমূখ।
মন্তব্য