গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলে গড়মিল: পরীক্ষা না দিয়েও ‘উপস্থিত’ ৫৩ জন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলে গড়মিল: পরীক্ষা না দিয়েও ‘উপস্থিত’ ৫৩ জন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে ফলাফল বিশ্লেষণে একাধিক পরিসংখ্যানগত অসংগতি ও গড়মিলের অভিযোগ উঠেছে।এতে পরীক্ষা না দিয়েও ৫৩ জন শিক্ষার্থীকে ‘উপস্থিত’ দেখানো হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক ফলাফলের এই তথ্য নিশ্চিত করার পর অসংগতিগুলো সামনে আসে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন।

ফল প্রকাশের সময় জানানো হয়, পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন (৭৫.৭৯ শতাংশ)। অথচ পরীক্ষার দিন দেওয়া তথ্যে উপস্থিতির সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন (৭৫.৭৬ শতাংশ)। অর্থাৎ, আগের দিনের তুলনায় ৫৩ জন বেশি শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হয়েছে। একইভাবে অনুপস্থিতির হিসেবেও গরমিল পাওয়া গেছে। পরীক্ষার দিন অনুপস্থিত জানানো হয়েছিল ৪০ হাজার ২৭৭ জনকে, কিন্তু ফলাফলে সেই সংখ্যা দেখানো হয়েছে ৪০ হাজার ২২৪ জন। কর্তৃপক্ষ এবারের পাশের হার ৩০ শতাংশ উল্লেখ করলেও প্রকৃত সংখ্যার সঙ্গে তার মিল পাওয়া যায়নি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৩০ বা তার বেশি নম্বর পেয়েছেন উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন। এটি অংশগ্রহণকারীদের ৩০.২৪ শতাংশ। এছাড়া ৩০-এর কম নম্বর পেয়েছেন অনুত্তীর্ণ হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন।

যা শতাংশের হিসেবে ৬৯.৬৭ শতাংশ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দেখিয়েছে ৬৯.৫০ শতাংশ। এছাড়া রোল ও পরিচয়পত্র পূরণ করায় ১১০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়। হিসাব ও পরিসংখ্যানের অমিল প্রসঙ্গে প্রফেসর ড. মনজুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমাদের গুচ্ছের কোনো প্রতিনিধি ছিলেন না। তারা আমাদের একটি মৌখিক হিসাব দিয়েছিলেন। কেন্দ্র থেকে প্রাপ্ত সেই প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত ফলাফলের কিছু গড়মিল হতে পারে। বিষয়টি আমরা পুনরায় যাচাই-বাছাই করে দেখছি।