কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গাছ শুধু লাগালেই হবে না-পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিন করে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  নার্সারী মালিক  রুহুল আমিন, ছাত্র শ্রেষ্ঠ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।তিনি বলেন, প্রতিটি ভালো কাজের পথেই চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ অতিক্রম করে আমাদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে সফল করতে হবে।

গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে সুরক্ষিত রাখে এবং পুষ্টিকর ফলের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর