খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদক সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের বাবুল শেখের ছেলে মিঠুন শেখ (৩৪), একই গ্রামের বক্কার শেখের ছেলে পলাশ শেখ (২২), জিরান সরদারের ছেলে রাজু সরদার (৪২) এবং মৃত রিয়াজ শেখের ছেলে সুজন শেখ (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে খোকসা থানা পুলিশের বিশেষ টহল দল একতারপুর গ্রামের রাজু সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার পুরিয়া গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুরের আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫)(ক) ধারায় প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদালতের দণ্ডাদেশের পর গতকাল বুধবার বিকেলে দণ্ডপ্রাপ্ত চারজনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









