খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই জুন ২০২৬, ২:৩৩ এএম

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে তিনজন উপকারভোগীর মাঝে ছয়টি ছাগলের বাচ্চা বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছাগল পাওয়া উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। তারা ছাগল পালন করে আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য