খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার (১৭ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতপাখিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, আলম (৩৯), জাহাঙ্গীর (২৬), নার্গিস (২৫), শফিকুল (৩০), শফিকুল (৪০), সালমা (২৫)সহ আরও একজন।
তাদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত জাহাঙ্গীরের অভিযোগ, প্রতিপক্ষ লোহার রড, হাসুয়া, ফালা ও ধারালো অস্ত্র নিয়ে ভোরে অতর্কিত হামলা চালায়। এতে তাদের পরিবারের পাঁচজন গুরুতর আহত হন। তবে অপর পক্ষ শফিকুলের দাবি, তাকে পেছন দিক থেকে আক্রমণ করা হয়েছে। তিনি জানান, এর আগে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাদশা মেম্বার বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি।
স্থানীয় মাতব্বররা বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও এক পক্ষ সালিসের সিদ্ধান্ত মেনে নেয়নি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সর্বশেষ এ সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।









