খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ১:২৮ এএম

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি রায়পাড়ায় ঘরের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার মোবাইল ফোন সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত (৩০ জুলাই) আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষণ রায় জানান, তার মেয়ে চিন্তা ও জামাতা সুজন আগের দিন বেড়াতে এসেছিলেন।
রাতে বৃষ্টি শুরু হওয়ায় তারা আর বাড়ি ফিরতে পারেননি এবং সবার সঙ্গে রাতেই থেকে যান। পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। তিনি আরও জানান, চোরেরা বাড়ির বারান্দায় রাখা পেঁয়াজের মাচার ওপর উঠে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ ১০ হাজার টাকা, তার মেয়ের এক জোড়া রুপার পায়েল এবং কানে পরা একটি স্বর্ণের দুল খুলে নিয়ে যায়। এছাড়া পূজার কাজে ব্যবহৃত কিছু সামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। লক্ষণ রায়ের স্ত্রী জানান, সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে বারান্দায় এসে দেখেন সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। তখন বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ঘরের জিনিসপত্র পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ সময় তাদের মেয়ে কান্নায় ভেঙে পড়েন।
প্রতিবেশী প্রমিলা রায় বলেন, “চিৎকার শুনে এসে দেখি সবাই কান্নাকাটি করছে। পরে জানতে পারি নগদ টাকা, কানের দুল, পায়ের রুপার অলংকার এবং পূজার কিছু জিনিসপত্র চুরি হয়েছে।” লক্ষণ রায়ের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে ও জামাতা বেড়াতে এসেছিল। চোরেরা ঘরের বেড়া কেটে ঢুকে আমার মেয়ের স্বর্ণের দুল, রুপার পায়েল এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এখনো পুলিশ ঘটনাস্থলে আসেনি। আমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।” ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ মোট প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এমন খবর পাইনি অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য