কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মো. শিমুল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ১ বোতল মদ, ৫ বোতল স্কাপ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পিস সিনেগারা ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৫ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর পশ্চিম পাড়া কবরস্থান নামক স্থানে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর পশ্চিম পাড়ার মৃত সুবেদ আলীর ছেলে মো. শিমুলকে ১ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৮২ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠ নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল স্কাপ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পিস সিনেগারা ট্যাবলেট এবং ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর