বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরে তাঁর নিজ বাড়ি ও কর্মস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর পরই তাকে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারের পর ডা. আমিনুল হক রতন বলেন, “খারাপ মানুষরা যখন দেশ চালায়, তখন ভালো মানুষদের জেলে থাকাই শ্রেয়।
তাঁর স্ত্রী ডা. লিজা অভিযোগ করেন, কোনো মামলার কথা না জানিয়েই পুলিশ তাঁর স্বামীকে পিকআপে তুলে নিয়ে যায়। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, তা জানতে চাইলে পুলিশ সন্তোষজনক কোনো উত্তর দেয়নি বলেও দাবি করেন তিনি।
ডা. লিজার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেলেও ডা. আমিনুল হক রতন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে প্রতিষ্ঠিত ডা. তোফাজ্জল হেলথ সেন্টারে তিনি নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
তবে ডা. আমিনুল হক রতনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং আদালতে পুলিশের পক্ষ থেকে কী তথ্য উপস্থাপন করা হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে কথা হলে তিনি বিস্তারিত জানাতে পারেননি।









