বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল ক্যানালপাড়ার আলোচিত দুই নারী লাইলা বেগম ও তার বোন শ্যামলীকে মাদকসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে স্থানীয় জগতি পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বটতৈল ক্যানালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে লাইলা বেগম ও তার বোন শ্যামলীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর পালাতে ব্যর্থ হয়ে তারা পুলিশ সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্র জানায়, আটককৃতদের ছাড়তে অস্বীকৃতি জানালে লাইলা পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন। পরে তাদের জগতি ক্যাম্পে নেওয়া হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা ছিদ্দিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বোনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, লাইলা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে লোক সরবরাহের মাধ্যমেও তিনি আলোচনায় ছিলেন বলে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে। সম্প্রতি একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। অভিযানে অংশ নেওয়া এসআই সালাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। দায়িত্ব পালনে কোনো ধরনের চাপ বা হুমকিতে পুলিশ বিচলিত হবে না।” এদিকে, দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ থাকা লাইলা বেগমের আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।









