কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার আইল্যান্ড গার্ডেন সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের আইল্যান্ড গার্ডেনগুলোর সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের উদ্যোগকে আরও উৎসাহিত ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সুইমিংপুলের ক্যাফেটেরিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তা ছিলেন, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার উদ্ভাবক ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন, উক্ত সংগঠনের আহবায়ক আব্দুল মঈদ বাবুল ও পরিচালনা করেন সদস্য সচিব জামির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন,

জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রমূখ। আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য বর্ধনে ৩য় পর্যায় মূল্যায়নে প্রথম হয়েছেন শাহাবুদ্দিন মিন্টু। মতবিনিময় সভায় শহরের বিভিন্ন আইল্যান্ডে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, ফুল ও শোভাবর্ধক গাছের পরিচর্যা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এসময় বক্তারা বলেন, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত ভাবে প্রতিটি নাগরিককে শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে উদ্যোগ গ্রহণ করা উচিৎ। এতে করে আইল্যান্ডকে আরও নান্দনিক ও সবুজ করে তোলা সম্ভব। এ ক্ষেত্রে নিজ নিজ এলাকায় যারা আইল্যান্ডের দায়িত্বে রয়েছে তারা নিয়মিত পরিচর্যা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণ করলে সুন্দর শহর গড়ে উঠবে।

আয়োজকরা জানান, কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের মতবিনিময়ের আয়োজন করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে যারা আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্যবর্ধনে আগ্রহী, তাদের সমন্বিতভাবে সম্পৃক্ত করে ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তবে যারা মুল্যায়িত হবে তাদেরকে উন্নত দেশ ভ্রমনের পাশাপাশি অন্যান্যদের দেশের মধ্যে বিভিন্ন স্থানে ভ্রমনের সুযোগ দেওয়া হবে। এছাড়া যারা আইল্যান্ডের সংবাদ প্রচারে সেরা হবে সে সকল সাংবাদিকরাও ভ্রমনে অংশ গ্রহণ করতে পারবে। মতবিনিময় সভায় ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার পরিবেশ ও নগর সৌন্দর্যপ্রেমী ব্যক্তিরা অংশ নেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর