কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১৪ই আগস্ট ২০২৬, ১:৫২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ টানা এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন। শহর ও গ্রাম সবখানেই এই সংকটে স্থবির হয়ে গেছে কাজকর্ম। সেই সঙ্গে রয়েছে তীব্র গরম। তবে হঠাৎ করে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে জেলায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি দেখা গেছ। জেলা শহরের পাশাপাশি পল্লী বিদ্যুতের এলাকা তথা গ্রামাঞ্চলেও কিছুটা উন্নতি হয়েছে লোডশেডিং পরিস্থিতির। বুধবার সন্ধ্যার পর থেকে দেখা গেছে জেলায় লোডশেডিং নেই বললেই চলে। এ দিন রাতে শহরের কোথাও ১০ মিনিট আবার কোথাও ১৫ মিনিট লোডশেডিং দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। এতে স্বস্তি ফিরেছে শহরের বাসিন্দাদের ভেতর।
শহরের কোর্টপাড়ার বাসিন্দা বুলবুল হোসেন সাগর জানান, ‘গত কয়েক দিনের লোডশেডিং এ কোনও কাজ করতে পারছিলাম না। বিশেষ করে রাতের বেলা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গরমে কাহিল হয়ে পড়েছিলাম। তবে গতরাত থেকে আমরা ভালো বিদ্যুৎ পাচ্ছি।’ শহরের মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান লাকি বলেন, ‘ঘনঘন লোডশেডিংয়ে বাসা বাড়ির ফ্রিজের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। রাতে ঠিকমত ঘুমাতে পারি না। তবে কাল থেকে লোডশেডিং না হওয়ায় এখন বেশ ভালো আছি। এই ধারা যাতে অব্যাহত থাকে তার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।’
কুষ্টিয়া ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, বুধবার রাত থেকে জেলা শহরে বিদ্যুৎ পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। তিনি জানান, বুধবার জেলায় বিদ্যুতের মোট চাহিদা ছিল ৬২ মেগাওয়াট। এর বিপরীতে ৬২ মেগাওয়াট বিদ্যুতই এ দিন পাওয়া যায়। ফলে শহরে তেমন একটা লোডশেডিং দেওয়ার প্রয়োজন পড়েনি। তিনি বলেন, এর আগে জেলা শহরের চাহিদার বিপরীতে অর্ধেক বিদ্যুৎও পাওয়া যাচ্ছিল। যার ফলে তারা ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হন। এদিকে জেলার গ্রাম অঞ্চল তথা পল্লী বিদ্যুতের এলাকাতেও বিদ্যুতের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য