কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, খুলনা সরকারী হাজী মোহাম্মদ মুহসিন কলেজের সাবেক ভিপি, পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের কৃতী সন্তান ও সমাজসেবক শহিদুল ইসলাম (ভিপি শহিদ)। গতকাল সোমবার (‎১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণির মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ দেওয়া হয়।

অর্থাৎ প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জন করে মেধাবী শিক্ষার্থী এ উপহার পায়। পাশাপাশি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। জানা যায়, খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়, পাটিকাবাড়ী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, গোস্বামী দুর্গাপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ঝাউদিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় ও আড়পাড়া মাদরাসা, আইলচারা প্রাথমিক বিদ্যালয় এবং খাজানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। স্কুল ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

মেধাক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে স্কুল ব্যাগ পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও ভালো করার আগ্রহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্ট শিক্ষকরা। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভিপি শহিদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার এ উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল উপহার দেওয়াও ইতিবাচক উদ্যোগ।” এ সময় ভিপি শহিদ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা মেধার স্বাক্ষর রাখছে, তাদের সাফল্যকে স্বীকৃতি দিলে অন্য শিক্ষার্থীরাও ভালো করার অনুপ্রেরণা পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাও একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সামান্য হলেও অবদান রাখতে পারছি—এটাই আমার কাছে আনন্দের।”

তিনি আরও বলেন, “আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উপহার তুলে দেব। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় ভিপি শহিদের সমর্থক ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর