কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মা মুড়িসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বড় বাজার ও এন.এস. রোড এলাকায় তদারকি অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার (১৫ মার্চ) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবচেয়ে গুরুতর অনিয়ম ধরা পড়ে মা ফুড প্রোডাক্টস নামের একটি মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে। সেখানে মুড়ি উৎপাদনে অনুমোদনহীন লবণ ব্যবহার করা হচ্ছিল এবং মোড়কজাত মুড়ির প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মুড়ি প্যাকেটজাত করার দায়ে বিশ্বাস ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের একটি টিম এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালন করে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর