বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল রোববার (২৪ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার আওতাধীন চৌড়হাস ক্যানালপাড়া এবং ছেউড়িয়া লালনের মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রী ঝুলন লাল (৩৫), বড় স্টেশন এলাকার বাসিন্দা; মোঃ আনিস (২৮), বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ রাসেল শেখ (৩০), জগতি মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন ও মোঃ আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের ৩ থেকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার থেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
