কুষ্টিয়ায় প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ছিনতাইচেষ্টার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ছিনতাইচেষ্টার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৪, ২০২৬

অটোচালক আশঙ্কাজনক

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে ‘প্রেস’ স্টিকার লাগানো মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন এক অটোচালক। ছিনতাইয়ের উদ্দেশ্যে চালানো ওই হামলার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত অটোচালক সজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। শুক্রবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া শহরের জুগীয়া মণ্ডলপাড়ার জিকে পরিদর্শন বাংলো রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি অটোচালক সজলের গতিরোধ করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ উঠেছে। সজলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সজল সারাদিন পরিশ্রম করে সংসার চালায়।

প্রেস স্টিকার ব্যবহার করে এসে তার ওপর এমন নৃশংস হামলা চালানো হবে, তা কল্পনাও করিনি। সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পরিকল্পিতভাবে আগে থেকেই ওত পেতে ছিল। ঘটনায় চরুলীয়া হাজী মোড় এলাকার ছালাম নামের একজনকে মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। জুগীয়া মণ্ডলপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, প্রেস স্টিকার ব্যবহার করে অপরাধ সংঘটনের চেষ্টা খুবই উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হয়, তেমনি সাংবাদিকতার মর্যাদাও প্রশ্নবিদ্ধ হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।