বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১৩৮ জন গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১০ লাখ ৯৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ থেকে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।
চেক বিতরণকালে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে, যাতে অসহায় ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় সহায়তা পান।
তিনি বলেন, এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে। তবে এর মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের আত্মবিশ্বাস বাড়ানো এবং জীবনের সংগ্রামে তাদের নতুন শক্তি জোগানো।
প্রশাসক আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।









