নিজ সংবাদ ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), কুষ্টিয়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সনাক সহ সভাপতি হালিমা খাতুন, সদস্য মোঃ রফিকুল আলম, নীলিমা বিশ্বাস, নজরুল ইসলাম, ড. সরওয়ার মুর্শেদ, তহ্মিনা চৌধুরী ঝর্না, সুভাশীষ সাহা খোকন, কে.এম.তারিক ইবনে আমিন, মোঃ মুজিবুর রহমান, টিআইবি’র কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দীন, এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্যে হালিমা খাতুন বলেন, আমাদের দেশ একদিন দুর্নীতিমুক্ত দেশ হবেই, এবং পরিবর্তন আসবেই।
নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি সকল স্তরে যেন আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, উপস্থিত সবাইকে এ আহ্বান জানাই। ড. সরওয়ার মুর্শেদ বলেন, আমরা সফলতার পিছনে দৌঁড়াচ্ছি, আমাদের তরুণদের উচিত নিজেদের সার্থক করা। শুধুমাত্র সফলতার পিছনে না ছোটা। কাজী শফিকুর রহমান বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। কিন্তু আমরা থেমে থাকি নি। আমাদের সবচেয়ে বড় মোটিভেশন, আমাদের স্বপ্ন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার স্বপ্ন। এই লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং এই লড়াই মনস্তাত্ত্বিক ও তথ্য ভিত্তিক। টিআইবি সরকারের সহযোগি হিসেবে কাজ করছে।
সভায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অর্জন, শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ ও করণীয় উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম। সভাপতির বক্তব্যে আসমা আনসানী মীরু বলেন, পরিবর্তনই সময়ের নীতি। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। স্বপ্ন দেখতে হবে। ভালো কাজের শুরু ঘর থেকেই করতে হবে। তাই সকলকে ভালো কাজের মনোভাব রাখতে হবে। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। উপস্থিত সবাইকে টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান মোঃ রফিকুল আলম। সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র প্রায় দেড় শতাধিক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিল্পী সরকার ও এসিজি সদস্য ইমাম মেহেদী।









