বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে কুষ্টিয়ায় নাশকতার আশঙ্কা ও আতঙ্ক ছড়িয়েছে। সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে দুটি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে গোস্বামী দুর্গাপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রতিদিনের মতো তার দোকান খোলেন। দোকান খোলার পরপরই ভেতরে দুটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকায় শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্সপেক্টর আবু আজিমের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিশ্চিত করেন যে উদ্ধারকৃত বস্তু দুটি শক্তিশালী ও তাজা বোমা। এরপর অত্যন্ত সতর্কতার সাথে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঢাকা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। তারা এসে বোমা উদ্ধারের পর আমরা দ্রুত পুলিশ হেডকোয়ার্টার্সকে জানাই। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ টিম সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
