কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত ৩২৬, হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জন 

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দিন দিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ার পাশাপাশি জনমনে উদ্বেগও তৈরি হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছয়জন রোগীকে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৪ জন।

 

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সরকারি হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু কর্নার কার্যকর রেখেছে। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ জোরদারের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সাধারণ মানুষকেও বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। ফুলের টব, বিভিন্ন পাত্র, নির্মাণাধীন স্থাপনা কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতালে চিকিৎসার ওপর নির্ভর না করে এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তি, পরিবার, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর