কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। এ সময় উদ্ধার করা হয় মাদক বিক্রির কাজে ব্যবহৃত টাপেন্টাডল ট্যাবলেট, যা বর্তমানে তরুণ সমাজের মধ্যে অপব্যবহারের কারণে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টা ৪৫ মিনিটে কুষ্টিয়া সদর থানাধীন হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদহ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল স্থানীয় দেলোয়ার স্টোর নামক মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা মোঃ ইমরান শেখ (২৫), পিতা-মোঃ আজমত শেখ এবং মোঃ বাপ্পি শেখ (২২), পিতা-বদর শেখ। র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব আরও জানায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।