কুষ্টিয়ায় ছাত্রদল নেতার ভিডিও বিকৃতির অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার ভিডিও বিকৃতির অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের পুরোনো একটি ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ‘সুপরিকল্পিত সাইবার ষড়যন্ত্র’ ও ‘রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্নের অপচেষ্টা’ বলে দাবি করেছেন তিনি। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

তিনি জানান, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা মূলত ২০১৫ সালের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও। নিশাতের ভাষ্য অনুযায়ী, ওইদিন ছিল তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে মিরপুর যাওয়ার সময় তিনি সম্পূর্ণ ভিজে যান। পরে এক আত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভেজা জামা খুলে শুকাতে দেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেন।

সে সময় বন্ধুদের সাথে হাস্যরসের একটি মুহূর্ত ভিডিও আকারে ধারণ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ভিডিওটি সংগ্রহ করে প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে এডিট করেছে। ভিডিওর ওপর বিভ্রান্তিকর ও মিথ্যা লেখা সংযোজনের পাশাপাশি ভিন্ন একটি এডিট করা ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নিশাত বলেন, ভিডিওটিতে কোথাও কোনো মাদকদ্রব্য বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ নেই।

শুধুমাত্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি ছড়ানো হচ্ছে। নিজের রাজনৈতিক পটভূমি তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সাল থেকে বিএনপি পরিবারের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বিগত সরকারের সময় তাকে একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে এবং অন্তত আটবার কারাবরণ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার কথাও উল্লেখ করেন।

ব্যক্তিগত চরিত্রহননের রাজনীতির সমালোচনা করে তিনি প্রশাসনের সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টি আকর্ষণ করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নিশাত বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য হৃদয় হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।