কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মচারী আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম একই প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজ কার্যালয়ে বসে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করছিলেন ইউএইচএফপিও ডা. মো. সাজ্জাদ হোসেন।

এ সময় কর্মচারী আরিফুল ইসলাম বেতন-ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে তার কক্ষে প্রবেশ করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আচমকাই ডা. সাজ্জাদ হোসেনের ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। কক্ষের ভেতর থেকে চিৎকার শুনে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ইউএইচএফপিওকে উদ্ধার করেন।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারায় আরিফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পরপরই পুলিশি পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন বলেন, আরিফুল ইসলাম উজান গ্রামে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ ছিল। তিনি নিয়মিত টিকাদান কার্যক্রমে অনুপস্থিত থাকতেন, মাঠপর্যায়ের কাজও ঠিকভাবে করতেন না। এছাড়া মাসিক সভায়ও অংশ নিতেন না। এসব বিষয়ে তাকে একাধিকবার তলব করা হলেও তিনি সন্তোষজনক জবাব দেননি। এজন্য তার গত মাসের বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছিল। তিনি আরও বলেন, বেতন-ভাতার বিষয় নিয়ে কথা বলতে এসে একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমি তাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বললে তিনি গালাগালি শুরু করেন এবং পরে আমার ওপর হামলা চালান।

কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, অভিযুক্ত কর্মচারীর আচরণগত সমস্যা রয়েছে। এর আগেও তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অনিয়ম ও কাজে ফাঁকি দেওয়ার কারণে তার বেতন-ভাতা বন্ধ ছিল। ওই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ইউএইচএফপিওর ওপর হামলা চালান। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।