কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় এডাবের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে “আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন” বিষয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) সকাল ৯টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারস্থ দিশা টার্কে এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৩-১৫ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলার এডাব সদস্য সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল লতিফ সেখ বলেন, “বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-সমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহের অবদান অনস্বীকার্য। বর্তমান সময়ে তথ্যই শক্তি, আর প্রশিক্ষণের মাধ্যমে সেই তথ্য ও জ্ঞানের কার্যকর আদান-প্রদান সম্ভব হয়। তাই আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”তিনি আরও বলেন, এডাব সদস্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন, সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা প্রদান এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান অংশগ্রহণকারী সংস্থাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এডাব কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও দিশার উপ-নির্বাহী পরিচালক এম. আর. ইসলাম। প্রশিক্ষণটি পরিচালনা করছেন এডাব রিসোর্স পুলের সদস্য জনাব মোঃ মাজারুল ইসলাম এবং জনাব পলাশ সাহা। প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণে খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার এডাব সদস্যভুক্ত ২৫টি এনজিওর প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর