মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে একযোগে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যাওয়ার সময় একটি করে বিকাশ নম্বর লিখে রেখে গেছে চোরচক্র। সেই সঙ্গে বিকাশ নম্বরে টাকা দিলেই মিটার ফেরত আসবে এটিও উল্লেখ করে যায়। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মিরপুর পৌরসভা এলাকার টিএনটি সড়ক, জিয়া সড়ক এবং থানা সড়কে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া মিটারগুলোর মধ্যে টিএনটি রোডের মণ্ডল রাইস মিলের ২টি, সত্যেন রাইস মিলের ২টি ও শুকুর রাইস মিলের ১টি থ্রি-ফেজ বাণিজ্যিক মিটারসহ মোট ৮টি মিটার রয়েছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র একে একে ৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যায় এবং সেখানে একটি বিকাশ নম্বর লিখে রেখে যায়। ওই নম্বরে টাকা দিলেই মিটার ফেরত আসবে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে মিল চালু করতে গিয়ে মালিক ও শ্রমিকরা মিটার চুরির বিষয়টি টের পান। ভুক্তভোগী মিলমালিকরা জানান, মিটার চুরির ফলে মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে মিটার চুরি হয়েছে শুনেছি। শোনার সঙ্গে সঙ্গেই তদন্তকাজ শুরু করেছি। মিটার উদ্ধার ও চোর ধরতে কাজ চলছে। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম বলেন, রাতে একযোগে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার নিয়ে যাওয়ার সময় চোরচক্র একটি করে বিকাশ নম্বর লিখে রেখে গেছে। তারা জানিয়েছে, বিকাশ নম্বরে টাকা দিলেই মিটারের খোঁজ দেবে। এর মধ্যে একজন গ্রাহক ৬ হাজার টাকা বিকাশ করে মিটারের খোঁজ পেয়েছেন। বিষয়টি মিরপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।









