খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুন ২০২৬, ২:২৬ এএম

বিশেষ প্রতিনিধি ॥ ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ সভায় ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সদস্য সচিব এস. এম. কাদেরী সবু, প্রধান সমন্বয়ক দেব উত্তম, আল আমিন খানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্রাজিল সমর্থকরা।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আজ শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় জেলার সকল ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার নেতৃবৃন্দ বলেন, “আমাদের শোভাযাত্রায় সকল ব্রাজিল সমর্থকদের উপস্থিতি কামনা করছি। একসঙ্গে আমরা ব্রাজিলের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করবো এবং বিশ্বকাপের উন্মাদনাকে উদযাপন করবো।” এছাড়া শোভাযাত্রাকে সফল করতে জেলার সব ব্রাজিল ভক্ত ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং ব্রাজিল ফুটবলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য