কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো নিষিদ্ধ করার ঘোষণা প্রত্যাহার করেছে মসজিদ কমিটি। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আর নেওয়া হবেনা-এই মর্মে প্রশাসনের কাছে মুচলেকা জমা দেওয়ার প্রস্তুতি চলছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।
তিনি বলেন, বড় মাজগ্রামের মাইকিংয়ের প্রচারের বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসা মাত্রই মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদেরকে নির্দেশনা প্রদান করা হলে তাঁরা স্থানীয়ভাবে বসাবসি করে ঘোষণা প্রত্যাহার করেছেন। এবং একটি লিখিত মুচলেকা প্রশাসনের কাছে জমা দিবেন। আপাতত এলাকায় শান্তসৃষ্ঠ পরিবেশ বিরাজ করছে।
এরআগে, গত বৃহস্পতিবার মসজিদ কমিটি এক প্রচার মাইকে ঘোষণা দেন কেউ সাউন্ড বক্স ও মাইকসেট বাজালে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এমনকি তাদের কারও মৃত্যু হলে স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। গত ২৭ মার্চ শুত্রবার জুমার নামাজের পর আলোচনা বৈঠকের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয় বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি। গতকাল বিকেলে মুঠোফোনে বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, মসজিদ কমিটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার অফিস খুললে ইউএনওর কাছে লিখিত মুচলেকা জমা দেওয়া হবে।
তাঁর ভাষ্য, বিয়ে ও সুন্নতে খৎনা অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজালে নামাজ কালাম, পড়াশোনা করা ও অসুস্থ মানুষের খুবই অসুবিধে হয়। সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাউন্ড বক্স ও মাইক বাজানোর ক্ষেত্রে সকলের সচেতন হওয়া উচিৎ। ইউএনও ফারজানা আখতার বলেন, উচ্চ শব্দে কারো অসুবিধা হলে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ইউএনওকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
