কুমারখালী প্রতিনিধি ॥ মাঠের সবুজ ঘাঁসের আড়ালে লুকিয়ে আছে বৃষ্টির পানি। তাতে প্রায় আটকে যাচ্ছে বল। বল দখলে নিতে চলছে দু’দলের খেলোয়ারদের কাড়াকাড়ি। চলছে মুহুর্মুহু আক্রমণ – পাল্টা আক্রমণ। আর মাঠের বাইরে করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ দিচ্ছেন হাজারো দর্শক।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের ভাঁড়রা ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরেজমিন এমন দৃশ্য দেখা গেছে। মাদকমুক্ত সমাজ গঠন, স্মার্টফোনের অপব্যবহার রোধ এবং যুবসমাজকে মাঠে ফেরানোর লক্ষ্যে সেখানে ভিসিডি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়। সাবেক ফুটবলার মরহুম রাশেদুল ফয়েজ আবু, মিনাজ উদ্দিন ও অরুন কুমার দত্তের স্মরণে টুর্নামেন্টের আয়োজন করেছে ভাড়রা ভিসিডি ব্রাদার্স ক্লাব। উদ্বোধনী দিনে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না সেভেন স্টার ক্লাব ফুটবল
একাদশ বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া খেলার প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরে সেভেন স্টার ক্লাব। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় তুলে নেয় হরিণাকুণ্ডুর সেভেন স্টার ক্লাব ফুটবল একাদশ। খেলা উপলক্ষে মাঠের চারপাশে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় স্থানীয় হৃদয় হোসেন জানান, প্রতিবছরের ন্যায় ফুটবল ট্র্নুামেন্ট শুরু হয়েছে। চমৎকার লেখা চলছে। মাঠে জমা বৃষ্টির পানিতে খেলায় কিছুটা সমস্যা হলেও মাতোয়ারা দর্শক। ষাটোর্ধ কৃষক আসলাম শেখ বলেন, আগের মতো খেলাধূলা নেই। এখনকার ছেলেপেলে মোবাইল আর নেশাভান নিয়ে থাকে। তবে বছরখানেক পর আবার ট্র্নুামেন্ট শুরু হয়েছে। থাকে থাকে বৃষ্টি হলেও খেলা ভালো হচ্ছে। নিয়মিত খেলাধূলা হলে যুবসমাজ ভালো থাকতো। উদ্বোধনী অনুষ্ঠানে মো. আজম ইকবালের সার্বিক সহযোগীতায় সঞ্চালনা করেন হারুন অর রশিদ ও খালেকুজ্জামান সূর্য।
এ সময় উপস্থিত ছিলেন ভিসিডি ব্রাদার্স ক্লাবের সহ-সভাপতি আকরাম হোসেন, চাপড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকুল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির খালেকুজ্জামান সূর্য বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলামুখী করতেই তাদের এই আয়োজন। পর্যায়ক্রমে আরও দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আজম ইকবাল বলেন, উদ্বোধনী খেলায় দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভবিষ্যতে ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাধূলার নিয়মিত আয়োজন করা হবে।









