কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ডিঙি নৌকা উল্টে জেলের মৃত্যু

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ আগষ্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় ঘটে এ ঘটনা। তিনি খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা রাখা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরা নদীতে তীব্র স্রোত রয়েছে।

বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মণ্ডল লম্বা সূতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিল। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে যায়। আর বড়শির সূতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্ধায় সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা রয়েছে পরিমল মণ্ডলের নিথর দেহ। উৎসুক জনতা ভিড় করেছে। আহাজারি করছেন স্বজনরা।

এ সময় পরিমলের বাবা মান্য মণ্ডল বলেন, বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। তাঁর ভাষ্য, শরীরে বড়শির সূতো পেঁচিয়ে যাওয়ায় পরিমল নদীতে ডুবে মারা গেছে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর