খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই ডিসেম্বর ২০২৩, ৫:২৯ এএম

কুষ্টিয়া কুমারখালীতে গৃহবধূ আয়েশা খাতুন (২৩) কে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খানপাড়া সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই গৃহবধূর বাবা শহিদ সরদার, মা স্বপ্না খাতুন, সন্তান তালহা (২ মাস) ও মুন্না (৩ বছর) সহ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা জানান, প্রায় চার বছর আগে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার জালাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে সজল হোসেনের (২৫) সাথে মহেন্দ্রপুর গ্রামের শহিদ সরদারের মেয়ে আয়েশা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের কোল জুড়ে দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সজল ও তাঁর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সেজন্য ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল দেওয়া হয়েছে।
তারপরও নির্যাতন বন্ধ না হওয়ায় আশেয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে স্বামী সজলকে দিয়েছে। সেই ঋণের কিস্তি দেওয়া নিয়ে পারিবারিক কলহের জেরে গত ২৯ নভেম্বর আয়েশাকে মারধর ধরে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন। কিন্তু হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘরের সিলিং ফ্যানে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
তদন্তকারী কর্মকর্তা (এসআই) দিবাকর হালদার জানান, গত ২৯ নভেম্বর সকালে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
মন্তব্য