কুমারখালী প্রতিনিধি ॥ আজ ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় কবির বাস্তুভিটায় তিনব্যাপী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অন্ষ্ঠুান, নাটক, গ্রামীণ মেলাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন। অতীতে দুইদিনের উৎসব হতো। তবে নতুন প্রজন্মের কাছে কবির সাহিত্যকর্ম তুলে ধরার লক্ষ্যে এবারই প্রথম তিনের আয়োজন করা হয়েছে। যা আজ বিকেলে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা ও আলোচনা সভার মধ্যদিয়ে শুরু হবে। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এতে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন আজ বিকেলে লাঠিখেলা ও আলোচনা শেষে মধ্যরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠান। এদিন মঞ্চায়িত হবে কবির লেখা নাটক ‘ জমিদার দর্পণ ‘। পরিবেশনা করবেন উপজেলা শিল্পকলা একাডেমি ও বিজয় নাট্যগোষ্ঠীর শিল্পীবৃন্দ। আগামী রোববার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির রচিত নাটক মঞ্চায়িতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের অনুষ্ঠানমালা।
মীর মশাররফ হোসেন সাহিত্যকর্ম রচনার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ভারতী, সংবাদ প্রভাকর, মিহির, হাফেজ, আহমদী, নবরত্ন প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ফারসি ভাষা রপ্ত করেন তিনি। ধর্ম, আইন, প্রবন্ধ, ইতিহাস বিষয়ে আলোচনা, নাটক, গান ও উপন্যাস রচনা করেছেন তিনি। এরমধ্যে কোরআন, শাহনামা, গুলিস্তা, কাসাসুল আম্বিয়া, রামায়ন-মহাভারত, বিদ্যাসুন্দর দাশরথী রায়ের পাঁচালী, বানভট্রের কাদম্বরী উল্লেখযোগ্য।
১৮৬৯ সালে লেখা মীর মশাররফ হোসেনের “রত্নবতী” উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তাঁর অমর সৃষ্টি ১৮৮৫ সালে লেখা “বিষাদ সিন্ধু” এ ছাড়া উদাসীন পথিকের মনের কথা, রাজিয়া খাতুন, তহমিনা, বাঁধাখাতা, বধূমাতাও উল্লেখ্য। তার রচিত নাটক বসন্ত কুমারী ও জমিদার দর্পণ আমাদের বাংলাসাহিত্যে এক বিশেষ জায়গা দখল করে আছে।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ তিনি করেন। তার পিতার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন, মাতার নাম ছিল দৌলতন নেসা। তিনি ১৯১২ সালের ১৯ শে ডিসেম্বর ইন্তেকাল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, ‘ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবির ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী লাঠিখেলা, গ্রামীণ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করা হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে কবির সাহিত্যকর্ম ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে জাতীয়ভাবে কবির জন্মোৎসব উদযাপনের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।









