কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল 

বিশেষ প্রতিনিধি ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা। গতকাল সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে দলটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে কুষ্টিয়া মডেল থানার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, সোহেল হাসান, কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এবং জুলাই যোদ্ধা হাসিবুর রহমান সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে দলটির অল্প সংখ্যক নেতাকর্মী, সমর্থকরা  অংশ নেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর