কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অতীতের যেকোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হবে : পৌর প্রশাসক মিজানুর রহমান

বিশেষ প্রতিনিধি ॥ অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কুষ্টিয়ার বড়বাজার ঘাট, মহাশ্মশান ঘাট ও ১৭ হাত উচ্চতাবিশিষ্ট কালীমন্দির ঘাট পরিদর্শন করেন।

 

প্রতিমা বিসর্জন সহজ ও নির্বিঘ্ন করতে গত বছরের তুলনায় এ বছর একটি ঘাট বাড়ানো হয়েছে। নতুন ঘাটটি হলো ১৭ হাত উচ্চতাবিশিষ্ট কালীমন্দির ঘাট। এ ছাড়া বড়বাজার ও মহাশ্মশান ঘাটেও সংস্কারকাজ চলছে।

 

পরিদর্শনকালে মো. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব। দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় পৌরসভার ৪৪টি মন্দিরে পূজা আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। সন্ধ্যার পর অন্ধকারে প্রতিমা বিসর্জন দিতে অসুবিধা হয়। পূজা উদ্যাপন কমিটির নেতারা জানিয়েছিলেন, ৪৪টি প্রতিমা বিসর্জনের জন্য দুটি ঘাট যথেষ্ট নয়।

 

তিনি বলেন, এ সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করে নতুন আরেকটি ঘাট তৈরি করা হয়েছে। পাশাপাশি আগের বড়বাজার ও মহাশ্মশান ঘাটে সংস্কারকাজ চলছে।

 

পৌর প্রশাসক বলেন, আশা করছি, গতবারের তুলনায় কিংবা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার খুব সহজে ও শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে পারব। এ জন্যই আমি নিজে সরেজমিনে ঘাটগুলো পরিদর্শন করতে এসেছি, যাতে প্রস্তুতির অগ্রগতি দেখতে পারি।

 

পরিদর্শনকালে প্রতিমা বিসর্জন ঘাটের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর