খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই জুলাই ২০২৬, ২:৪৫ এএম

ঢাকা অফিস ॥ প্রখ্যাত গীতিকার মিল্টন খন্দকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তিনি। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালটিতে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে তার। নিজের শারীরিক পরিস্থিতির ব্যাপারে গীতিকার মিল্টন খন্দকার বলেন, দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও সমস্যা। আজ রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে অপারেশন (স্টেমসেল) হবে।
প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারি। সংগীত ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নেয়া মিল্টন খন্দকার একাধারে একজন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। তার গান কণ্ঠে তুলে দেশের অনেক শিল্পী খ্যাতি লাভ করেছেন। দারুণসব গান লেখার জন্য স্বীকৃতি হিসেব জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার লেখা গানগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সংগীতশিল্পী মনির খানের গাওয়া ‘অঞ্জনা’ চরিত্র। নামটি নিয়ে অর্ধশতাধিক গান করেছেন জনপ্রিয় শিল্পী মনির খান।
যার প্রায়গুলোই জনপ্রিয়। আর এই ‘অঞ্জনা’ শিরোনামের অধিকাংশ গানই মিল্টন খন্দকারের লেখা। এছাড়াও তার লেখা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো, শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে’, ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া, মেটে না মেটে না স্বাদ ভালোবাসিয়া’, ‘আমি যে তোমার কে, কাছে এসে নাও জেনে নাও’। প্রসঙ্গত, মিল্টন খন্দকারের প্রকৃত নাম রাশেদুল হক। ১৯৬৭ সালের ২৫ জুন কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য