ঝাউদিয়ায় চাঁদা না দেওয়ায় পান বিক্রেতাকে কুপিয়ে জখম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝাউদিয়ায় চাঁদা না দেওয়ায় পান বিক্রেতাকে কুপিয়ে জখম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় মুক্তার আলী নামে এক পান বিক্রেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে বাজারে যাওয়ার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কথিত জাসদ গণবাহিনীর নেতা আরিফুল ও রিপনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মুক্তার আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। হুমকির মুখে একপর্যায়ে মুক্তার আলী ৭০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা পাঁচ লাখ টাকাই দিতে হবে বলে চাপ প্রয়োগ করতে থাকে। পরে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে পান বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে মাজপাড়া এলাকায় তার পথরোধ করা হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আরিফুল ও রিপনের নেতৃত্বে আসাদুল, জারিফুল, মেজর, সামিদুল ডাক্তার, শাহাবুদ্দিন, চয়ন, ঠান্টুসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল রামদা, হাসুয়া, লোহার রড, পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মুক্তার আলীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হামলায় মুক্তার আলীর দুই পা ও একটি হাত ভেঙে গেছে। এছাড়া তার বুক ও পিঠে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।