কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বালুঘাটের বিএনপি কর্মী ওসমান কাজীর বালুঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ওসমান কাজীর ব্যবসায়ী পার্টনার তোফাজ্জেল সরদার বাদী হয়ে এক আওয়ামী লীগ নেতাকে প্রধান করে তার ৩৫জন সহযোগীর নামে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি জামাল উদ্দিন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আশরাফ প্রামাণিক (৪৫)।
তিনি শিলাইদহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, আশরাফ প্রামাণিকে সঙ্গে বিএনপি কর্মী ওসমান কাজীর জমিজমা, আধিপত্য বিস্তার ও গেল সংসদ নির্বাচনে ভোট করা নিয়ে বিরোধ চলে আসছিল। নির্বাচন পরবর্তী সময়ে কয়েকদফা সংঘর্ষ-সহিংসতায় জড়িয়ে পড়েন তারা। এ সব ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫টি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। এসব মামলা ও শত্রুতা মিটমাটের জন্য গত বুধবার সকাল ৮টার দিকে গ্রামে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ৬টার দিকে আশরাফ প্রামাণিক তাঁর লোকজন নিয়ে এসে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানের ঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এছাড়াও ওসমান কাজীর ব্যবসায়ের পার্টনার তোফাজ্জেল সরদারের অন্তত ৬৫টি পাইপ ভেঙে ফেলা হয়।
মামলার বাদী তোফাজ্জেল সরদার বলেন, তিনি ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে পপ্রায় ৭বছর ধরে বালু আনলোডের ব্যবসা করছেন। বুধবার সকালে কাজীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে আশরাফ দেশীয় অস্ত্রসহ ৫০ – ৬০ লোক নিয়ে ঘাটে আসেন। এসে তাঁর প্রায় সাড়ে ৭ লাখ টাকার পাইপ ভাঙচুর করেছে। এছাড়াও ওসমান কাজীর ব্যবসায়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছেন। বিএনপি কর্মী ওসমান কাজী বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফ অতীতেও প্রভাব খাটিয়ে এলাকায় লুটপাট – ভাঙচুর করেছে।
এখনও তা অব্যাহত রেখেছে। তাঁর অত্যাচারে অতিষ্ঠ গ্রমবাসী। আমরা শান্তি চাই, অত্যাচারীদের বিচার চাই। হামলার কথা স্বীকার করে অভিযুক্ত আশরাফ প্রামাণিক বলেন, আমার জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। দোষের কিছু নাই। মামলা হলে আদালতে মোকাবেলা করা হবে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, হামলার ঘটনায় ৩৬জনের নামে মামলা করেছেন ব্যবসায়ী তোফাজ্জেল সরদার। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
