ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং সিরাত সংক্রান্ত কুইজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশিন শর্মিলীসহ সাধারণ শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম চারজনকে বিজয়ী ঘোষণা ও পুরস্কৃত করা হয়।

এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে আবু হুরাইরা, আল মামুন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ পারভেজ। অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে শান্ত শিশির বলেন, শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা এবং দেশপ্রেম জাগ্রত করা। বর্তমান সময়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই সবাইকে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একজনও যদি ভবিষ্যতে দেশের ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, তাহলে এই আয়োজন সফল হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।