বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়ায় সামাজিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানায়, ‘বটতৈল ইউনিয়ন বিএনপি সভাপতি বরিয়ার হান্নান মেম্বার ও ভাদালিয়া পাড়ার সাইফুল মেম্বারের মধ্যে সামাজিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।’ সংঘর্ষে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। এদিকে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
