দৌলতপুরে হত্যা মামলার আসামি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হত্যা মামলার আসামি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে জনি হত্যা মামলার আসামি রাকিবুল (৩৩) কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত রাকিবুল উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শামু মন্ডলের ছেলে। স্থানীয়দের দাবি, রাকিবুল ওই অঞ্চলের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে রাকিবুলকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর দুপুরে জামালপুর সীমান্ত এলাকায় মাদক পাচার সংক্রান্ত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারি নাজিম উদ্দিনের ছেলে সোহান এবং আমিরুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জনির পায়ের রগ কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠে তার মরদেহ ফেলে রেখে যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত জনি একই ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জনি হত্যা মামলার আসামি রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।