কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরির ঘটনায় অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন আমেরিকান (ইউএসএ) প্রবাসী শাহেদ নামের এক ব্যক্তি। উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই দম্পতিকে ১৮ হাজার ১৫০ টাকা উপহার ও মানবিক সহায়তা পাঠিয়েছেন তিনি। ভুক্তভোগী দম্পতি হলেন মনোব্বর শেখ (৬৫) ও ছকিনা খাতুন (৫৪)। তারা কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে মনোব্বরের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় কয়েকজন প্রতিবেশী উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারী ভোরে নিজ বাড়ি থেকে বৃদ্ধের ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান না পেয়ে গত রোববার কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন তিনি। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে স্ত্রী, দুই ছেলে, নাতিসহ ছয় সদস্যের পরিবার মানবেতর জীবনযাপন করছিল। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রথম শ্রেণির জনপ্রিয় জাতীয় গণমাধ্যমে, উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি, শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ইউএসএ প্রবাসী শাহেদের নজরে আসলে তিনি অনলাইনে উপজেলা প্রশাসনের সহায়তায় নগদ ১৮ হাজার ১৫০ টাকা বিকাশের মাধ্যমে উপহার পাঠন। প্রবাসী শাহেদের আর্থিক সহায়তা পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি। তবে ভ্যান কিনতে আরও অর্থের প্রয়োজনের কথা জানিয়েছেন মনোব্বর শেখের স্ত্রী ছকিনা খাতুন।
তিনি বলেন, নেটে (অনলাইন) খবর হওয়ার পর বিদেশ থেকে একজন ১৮ হাজার টাকা পাঠায়ছে। কিন্তু ভ্যান কিনতে আরো ৪২ হাজার টাকা দরকার। একখান ভ্যান হলে টুকটাক করে চলতাম। মনোব্বর বলেন, শরীরে হাঁপানী, এ্যাজমা, শ্বাঃসকষ্টসহ নানান রোগ। তবুও দুই বেলা দুই মুঠো ভাতের জন্য ভ্যানডা চালাতাম। তাও কয়দিন বন্ধ রয়ছে। যেভাবেই হোক এহন একটা ভ্যান হলিই হতো আর কি। তাকে সাহায্য করুন-০১৮৬৭২৯১৬৬৮ ( বিকাশ)। জানতে চাইলে ফোনে প্রবাসী শাহেদ পরিচয় প্রকাশ না করা শর্তে বলেন, আমরা তো বাইরে থাকি। ওই ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনা। তাই অনলাইন পত্রিকায় পড়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। তাঁর ভাষ্য, অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। অল্প করে হলেও সবাইকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, অনলাইনে খবর প্রকাশের পর একজন প্রবাসী ওই বৃদ্ধকে ১৮ হাজার ১৫০ টাকা উপহার দিয়েছেন। উপজেলা প্রশাসনও সাধ্যমত সহযোগীতা করবে। পাশাপাশি এ ধরনের ঘটনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
