বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে “ক্লিন কুষ্টিয়া, গ্রীন কুষ্টিয়া” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া এক মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির।
এসময় সংগঠনের অন্যান্য সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের কুষ্টিয়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে যা যা করনীয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিক সচেতনতার পাশাপাশি নিয়মিত মনিটরিং ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এই কুষ্টিয়া শহরকে পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চাই। খালি জায়গা ও সড়কের পাশে বৃক্ষরোপণ করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও ডাস্টবিন স্থাপন করা হবে।
এছাড়া বক্তারা বলেন, “ক্লিন কুষ্টিয়া, গ্রীন কুষ্টিয়া” কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান কর্মসূচি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া শহরের আইল্যান্ডে বৃক্ষ রোপন ও পরিষ্কার কর্মসূচি পালনে বেশ সাড়া ফেলেছে। পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
