মিরপুর প্রতিনিধি ॥ মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জয় তুলে নিয়েছে মিরপুর থানা কাবাডি দল। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইবি থানা দলকে ৮৫-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম রাউন্ডে জয় নিশ্চিত করে সেমি ফাইনাল খেলার গৌরব অর্জন করে মিরপুর থানা কাবাডি দল।
দলের এমন চমৎকার সাফল্যে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। খেলাটি উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহ জোগাতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাংবাদিক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। অতিথিরা খেলা শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কমিউনিটি পুলিশিংয়ের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। খেলাধুলা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।









