বিশেষ প্রতিনিধি ॥ বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া-এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে ৬টি মামলা দায়ের করে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অমান্য এবং যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে আরও ২টি মামলা দায়ের করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় জব্দ করা ৪টি হাইড্রোলিক হর্ণ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক, বিআরটিএ কুষ্টিয়ার মোটরযান পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা। অভিযান শেষে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
