মিরপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে থানায় দুইটি পৃথক মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে থানায় দুইটি পৃথক মামলা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে ধানের শীষ ও দাড়িপাল্লায় ভোট করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিরপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর থানায় সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষের পক্ষ থেকে মিরপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়। যার মামলা নাম্বার ৯ ও ১০। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে ধানের শীষের প্রার্থী রাগীব রউফ চৌধুরীর সমর্থক মোঃ রেজাউল করিম ও দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল গফুর এর সমর্থক নজরুল ইসলামের মধ্যে ভোট করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়।

এরই জের ধরে গত ১৬ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় আহাম্মদপুর মিন্টু খাঁ মোড়ে পাকা রাস্তার উপরে উভয়পক্ষে মধ্যে মারামারি সংগঠিত হয়। এতে জামায়াতের সমর্থক নজরুল ইসলাম রক্তাক্ত ও ধানের শীষের সমর্থক রেজাউলের হাড়ভাঙ্গা যখম হয়। পরে স্থানীয়রা দাঁড়িপাল্লার সমর্থক মোঃ নজরুল ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে এছাড়াও ধানের শীষের সমর্থক রেজাউল করিমকে আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।পরবর্তীতে উক্ত ঘটনায় মিরপুর থানায় ধানের শীষের সমর্থক রেজাউল করিম ও দাড়িপাল্লা সমর্থক মোহাম্মদ নজরুল ইসলাম এর ছেলে সামিউল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যে দলের যারাই হোক না কেন এধরনের মারামারি বা অপরাধমুলক কর্মকান্ড করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিপন্থি কোন কাজ কেউ করলে তাদের ছাড় দেয়া হবে না।