বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে পুলিশ, বিজিবি, আনসার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে জেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোছনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী বুঝে নেন। পরে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৬টি উপজেলা ৭টি থানার ৬৬টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৭ হাজার ৫২১ জন। জেলার চারটি আসনে বিএনপি, জামায়াতে ও ইসলামী আন্দোলন সহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি বলেন, ১২ তারিখ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী ততপর রয়েছে। নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে কুষ্টিয়ার চারটি আসনের ভোট কেন্দ্রগুলো। এই নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
